রূপগঞ্জে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া সেই যুবদল নেতা শামীম মিয়া ৬ জন সহযোগীসহ কক্সবাজারে গ্রেফতার হয়েছেন। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে কক্সবাজার বার্মিজ মার্কেট এলাকা থেকে র্যাব-১৫ সদস্যরা তাদেরকে গ্রেফতার করে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
শামীম মিয়া রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তার সহযোগীরা হলেন, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা মানিক ঢালি (৩৪), আব্দুলি করিম (৩৫), আবুল হোসেন (৪২), খালিদ হাসান (৩০), রুবেল হাসান (৩২) ও মাসুদ মিয়া (৩৪)। পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়ার পর থেকে তারা কক্সবাজারে আত্মগোপনে ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মঙ্গলবার (৫ মে) ভোর ৫টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে হত্যা, মাদক ও অস্ত্রসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শামীম মিয়াকে বসতঘর থেকে গ্রেফতার করে। বিষয়টি মুহূর্তের মধ্যেই চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় ছড়িয়ে পড়েলে তার সমর্থক ও দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের ঘেরাও করে অবরুদ্ধ রাখে। একপর্যায়ে দুর্বৃত্তরা পুলিশের উপর চড়াও হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে পিকআপভ্যানের চাকা কেটে দেয় ও পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি করে। এসময় তারা পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, ২টি মোবাইল ফোনসহ আটককৃত শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের উপর হামলা, সরকারিকাজে বাধা ও সরকারি মালামাল ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনকে নামীয় ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। এরপর থেকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র পুরুষ শূন্য হয়ে পড়ে।
এদিকে, পেশীশক্তি প্রদর্শনপূর্বক আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধার মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সর্বশেষ
- ইসলামী ব্যাংক নিয়ে সংসদে বিতর্ক
- বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান হলেন মাসুদুজ্জামান
- অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ, দীর্ঘ অপেক্ষার অবসান
- বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতা নিহত
- প্রকল্প ব্যয় ও মেয়াদ নিয়ে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী
- পুঁজিবাজার কেলেঙ্কারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

