নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ ও ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সংসদ অধিবেশনে বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বাক্যবিনিময় হয়।

অধিবেশনে ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়।” তিনি আরও বলেন, সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া সমীচীন নয়।

ব্যাংকটির চলমান পরিস্থিতি ও আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৈধ গ্রাহকদের কোনো সমস্যা হবে না। নিয়ম অনুযায়ী তাদের স্বার্থ ও মালিকানা নিশ্চিত করা হবে।

তিনি অভিযোগ করেন, পর্দার আড়ালে থেকে কিছু পক্ষ গ্রাহকের নামে আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের আন্দোলন করে বেশি দূর এগোনো যাবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক যে কোনো সময় পর্ষদ পরিবর্তন করতে পারে। এ বিষয়ে প্রশ্ন থাকলে আগে আইন পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।

তিনি আরও জানান, নাবিল গ্রুপসহ যেসব প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেনি, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। একই সঙ্গে নিয়ম বহির্ভূতভাবে ৯ হাজার কর্মী চাকরিচ্যুত হওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এস আলম গ্রুপ অতীতে ২৬টি ভুয়া কোম্পানি গঠন করে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা সরিয়েছে। বর্তমান সরকার আবারও বিতর্কিত ব্যক্তিদের বসিয়ে ব্যাংকটিকে লুটপাটের সুযোগ তৈরি করছে।

উল্লেখ্য, গত ২৪ মে অধ্যাপক এম জুবায়দুর রহমানের পদত্যাগের পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগকে ঘিরে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের মধ্যে অসন্তোষ ও প্রতিবাদ কর্মসূচি চলমান রয়েছে।

Share.
Exit mobile version