জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২ হাজার ২৬৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ের ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য, সড়ক, বিদ্যুৎ, পানি সম্পদ, শিক্ষা ও প্রশাসনিক অবকাঠামো উন্নয়নসংক্রান্ত উদ্যোগ।
মঙ্গলবার প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয় বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ২২৯ কোটি ১৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৭ কোটি ২৮ লাখ টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত ১০ প্রকল্পের মধ্যে তিনটি নতুন, তিনটি সংশোধিত এবং দুটি মেয়াদ বৃদ্ধি পাওয়া প্রকল্প রয়েছে।
সভায় অনুমোদন পাওয়া উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, দেশের ৩৩টি জেলায় সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় ধাপ।
এ ছাড়া ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ক্যান্সার সেন্টার নির্মাণের দ্বিতীয় পর্যায়ের সংশোধিত প্রকল্প, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা ও তথ্যব্যবস্থা (এমইএমআইএস) উন্নয়ন, ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের সক্ষমতা বৃদ্ধির প্রকল্পও অনুমোদন পেয়েছে।
একনেক সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পরিকল্পনামন্ত্রী ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও ছয়টি প্রকল্পের বিষয়েও একনেককে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, ডাকসেবা সম্প্রসারণ, শিশু বিয়ে প্রতিরোধ কর্মসূচি এবং খুলনায় কৃষি কলেজ উন্নয়ন উদ্যোগ।

