নিজস্ব প্রতিবেদক

ইনসাফভিত্তিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্য সামনে রেখে ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বিকল্প বা ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘জনমুখী বাজেট ২০২৬–২৭ প্রস্তাবনা’ অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন ঢাকা–১২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা সাইফুল আলম খান মিলন।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৯২৬ কোটি টাকা। এতে ঘাটতি দাঁড়াবে ১ লাখ ৬৮ হাজার ৩২৯ কোটি টাকা, যা জিডিপির ২.৪৩ শতাংশ।

জামায়াত নেতারা বলেন, প্রস্তাবিত বাজেটের মূল দর্শন হলো সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদাভিত্তিক একটি ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা।

উপস্থাপনায় সাইফুল আলম খান মিলন বলেন, কর ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘স্মার্ট সোশ্যাল সিকিউরিটি নম্বর’ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

ব্যক্তিগত আয়কর কাঠামোয় করমুক্ত আয়সীমা ৪.৫ লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার কথা বলা হয়। সন্তানদের শিক্ষা ব্যয় ও পরিবারের সদস্যপ্রতি কর রেয়াতের প্রস্তাবও রাখা হয়েছে।

সামাজিক সুরক্ষা খাতে ভাতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে দলটি। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতা ধাপে ধাপে ১ হাজার থেকে ৩ হাজার টাকায় উন্নীত করার কথা বলা হয়।

ধর্মীয় খাতে মসজিদের ইমামদের জন্য মাসিক ৭ হাজার ৫০০ টাকা, মুয়াজ্জিনদের ৫ হাজার টাকা এবং খাদেমদের ৩ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করা হয়। এতে নিম্ন গ্রেডে ১০০ শতাংশ এবং উচ্চ গ্রেডে ৮০ শতাংশ বেতন সমন্বয়ের কথা বলা হয়েছে।

স্বাস্থ্য খাতে বিনামূল্যে মাতৃত্বকালীন দুই বছরের প্রাথমিক সেবা এবং শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়। পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে আলিয়া মাদ্রাসা সরকারিকরণের সুপারিশও করা হয়েছে।

সাইফুল আলম খান মিলন বলেন, অতীতের অর্থনৈতিক নীতি প্রবৃদ্ধিকেন্দ্রিক ছিল, কিন্তু জনকল্যাণ ও সুশাসনে তা প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেনি। নতুন বাজেট প্রস্তাবনায় উৎপাদনশীলতা, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।

Share.
Exit mobile version