নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম প্রবেশপথ এবং নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। এ সময় কলেজের প্রধান ফটক ও আশপাশের দখলমুক্ত এলাকা পুনর্বিন্যাসের উদ্যোগের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৯ জুন) সকালে নগরীর আল্লামা ইকবাল রোড এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। অভিযানে কলেজের প্রধান ফটকের সামনে, শিক্ষার্থীদের অভিভাবকদের অবস্থানের জন্য ব্যবহৃত স্থান এবং আশপাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করা হয়।

 নাসিক প্রশাসক বলেন, “নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় সড়ক ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হবে। এরপর এলাকাটিকে পরিকল্পিতভাবে উন্নয়ন করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “কলেজ গেটের পাশের যে স্থানে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, সেটি সিটি করপোরেশনের নয়; বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি। সেখানে একটি পরিবার বসবাস করছিল। তাদের পুনর্বাসনের জন্যও সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।”

উচ্ছেদ অভিযান চলাকালে নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদসহ সিটি করপোরেশন ও কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নাসিক সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনাসংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে পথচারী ও যানবাহনের চলাচল নির্বিঘ্ন রাখতে দখলমুক্ত এলাকাগুলোকে পরিকল্পিতভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Share.
Exit mobile version