নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের দুই নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি দশপাইপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) এবং কুতুবপুর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

পুলিশ জানায়, নিহত দুইজন একটি মোটরসাইকেলে ছিলেন। তারা নাসিকের বর্জ্যবাহী ট্রাকের একই দিকেই যাচ্ছিলেন। পরে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ্ আলম বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিয়ে প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। কেউ বলছেন ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিয়েছে, কেউ বলছেন ওভারটেক করতে গিয়ে তারা চাপা পড়েন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

পুলিশ আরও জানায়, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share.
Exit mobile version