নিজস্ব প্রতিবেদক
জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা এ তথ্য জানিয়েছেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঋতুপর্ণা চাকমা ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছে। ২০২৫ সালে তাঁর ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন হলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সে সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা দেন।
বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা সাম্প্রতিক বছরগুলোতে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন। ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দলের তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য।
এছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার পথে তাঁর পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।
পার্বত্য অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় দলে জায়গা করে নেওয়া ঋতুপর্ণা চাকমা এখন দেশের নারী ফুটবলের অনুপ্রেরণার নাম হিসেবে বিবেচিত হচ্ছেন।

