নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসতবাড়িতে হামলা, নারী সদস্যদের শ্লীলতাহানি, মারধর, ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. আলম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ জুন সকাল ১০টার দিকে ফতুল্লার পাগলা শাহী মহল্লার মায়ের দোয়া কমিউনিটি সেন্টার সংলগ্ন তাদের পৈত্রিক ও বসতবাড়িতে পূর্বপরিকল্পিতভাবে একদল ব্যক্তি হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা লাঠিসোটা, লোহার রড, ছুরি ও ধারালো রামদা নিয়ে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। প্রথমে বাড়ির নারীদের গালিগালাজ ও শ্লীলতাহানি করা হয়। প্রতিবাদ করলে নিশি (২২) নামের এক নারীকে মারধর করে তার পোশাক ছিঁড়ে ফেলা হয়।

এরপর পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে মো. শাহজাহান, মো. আলী আরশাদ, নয়ন, রিপন ও মো. সোহাগসহ কয়েকজন ধারালো অস্ত্র ও রড দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এতে সিহাব (২১) গুরুতর আহত হন। এছাড়া রোকসানা আক্তার (৪৫), নিশি (২২), সায়েমা আক্তার (৩৮) ও রাজন (৩৮) আহত হন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, হামলার সময় ঘরে ঢুকে আলমারি ও ড্রয়ার ভেঙে ২ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৮ আনা স্বর্ণের চেইন এবং কয়েকটি স্মার্টফোন লুট করা হয়।

ভুক্তভোগী মো. আলম জানান, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে। তবে আসামিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে।

তিনি প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানান।

Share.
Exit mobile version