নিজস্ব প্রতিবেদক

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হচ্ছে।

এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। এই প্রতিপাদ্যে জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত, কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।

জাতিসংঘের উদ্যোগে পালিত এই দিবস বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়। পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এটি অন্যতম বৃহৎ বৈশ্বিক সচেতনতামূলক কর্মসূচি হিসেবে বিবেচিত।

পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন, বন্যা, খরা ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ, কৃষি ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। পাশাপাশি প্লাস্টিক ও পলিথিন দূষণ, বায়ুদূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ পরিবেশগত সংকটকে আরও গভীর করছে।

বিশেষজ্ঞদের মতে, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও ব্যক্তিপর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ ছাড়া কোনো বিকল্প নেই।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ণ এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনার মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণীতে বলেন, পরিবেশ ও জলবায়ু সংকট মোকাবিলা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। সরকারি-বেসরকারি খাত, গবেষক, সুশীল সমাজ এবং সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমেই একটি টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

তিনি সম্মিলিত দায়িত্বশীলতা ও জনসচেতনতার মাধ্যমে সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭২ সালে স্টকহোমে অনুষ্ঠিত জাতিসংঘের মানব পরিবেশ বিষয়ক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়। ১৯৭৩ সাল থেকে দিনটি বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।

Share.
Exit mobile version