বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

গত রোববার বিকেলে দলীয় কার্যালয়ে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে প্রথমে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিপিবির এক নেতা জানিয়েছেন, মুজাহিদুল ইসলাম সেলিম নিউমোনিয়াজনিত শ্বাসকষ্টে ভুগছেন। তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ চলছে।

এদিকে, মুজাহিদুল ইসলাম সেলিমের মেয়ে স্বর্ণালি ইসলাম সোমবার রাতে এক ফেসবুক পোস্টে জানান, মঙ্গলবার সকালে তার বাবার এনজিওগ্রাম করা হবে। এনজিওগ্রামের রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা পরবর্তী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।

পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Share.
Exit mobile version