নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং উত্তরাধিকার সূত্রে সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তাঁর মতে, অর্থনৈতিক পরিস্থিতির কারণে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, বিশেষ করে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সংকট বেড়েছে। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংকট ও জ্বালানির মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন সংস্থা বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে বিভিন্ন পূর্বাভাস দিয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ আল মাহমুদ তিতুমীরের দাবি, আইএমএফের পূর্বাভাসে প্রয়োজনীয় সংস্কার না হলে প্রবৃদ্ধি আরও কমে যাওয়ার বিষয়টি যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
অর্থনীতির সংকট মোকাবিলায় ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন উপদেষ্টা। একই সঙ্গে মূল্যস্ফীতির চাপে মানুষ যাতে দারিদ্র্যসীমার নিচে নেমে না যায়, সে জন্য সরকার কয়েকটি সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলামসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

