নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন ইসমাইল (৩০), কামরুল (৫৫), তপন (৩৮) ও নাইমুল (৩০)। তাঁদের মধ্যে ইসমাইলের শরীরের ২০ শতাংশ, কামরুলের ২৫ শতাংশ, তপনের ১২ শতাংশ এবং নাইমুলের ৪২ শতাংশ পুড়ে গেছে। নাইমুলের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনকে ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে নাইমুলের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৪২ শতাংশ পুড়ে যাওয়ার পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

