বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

আড়াইহাজার সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিনটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে। ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও ল্যাপটপসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে হানা দেয়। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন লুট করে।

এরপর ডাকাত দলটি পাশের প্রবাসী আল আমিনের বাড়িতে প্রবেশ করে। তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি স্বর্ণ এবং নগদ ১২ হাজার টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

সর্বশেষ ডাকাত দল হানা দেয় পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে। সাইফুল ইসলাম জানান, ডাকাতরা ঘরে ঢুকেই তাকে, তার ছেলে এবং বেড়াতে আসা মেয়ের জামাইকে বেঁধে ফেলে। এরপর আলমারি ভেঙে নগদ ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণ ও ৯ ভরি রুপা লুট করে নিয়ে যায়। গত বছরও তার বাড়িতে একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাত চক্রটিকে শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

Share.
Exit mobile version