নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ওসমান গনি নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করেন নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় দুপ্তারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব রমজান মিয়াসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত ওসমান গনি (৪০) উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় হামলার ঘটনাটি ঘটে। ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে ওসমান গণির দীর্ঘদিনের বিরোধ চলছিল।
অভিযোগ রয়েছে, বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ওসমান গণির ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার জাবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
ওসমান গণির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

