স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের ‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের সব ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। তবে দলের বেজক্যাম্প থাকবে মেক্সিকোর সীমান্ত শহর তিহুয়ানায়। সেখান থেকে প্রতিটি ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে ইরান দল।
যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বিষয়টি নিশ্চিত করেছে।
বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, ইরান দলকে ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে এবং ম্যাচ শেষে ফিরতে হবে। তবে সেই তথ্য সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র বলেন, “দাবিগুলো সঠিক নয়। ইরান দল ম্যাচের এক দিন আগেই ভেন্যু শহরে পৌঁছাতে পারবে।”
ইরান ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির মেহদি আলাভি জানিয়েছেন, ফিফার নিয়ম অনুযায়ী দলটি চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাবে।
তিনি বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দল এক দিন আগেই ভেন্যুতে পৌঁছাবে। পরের দুই ম্যাচে দুই দিন আগে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে মেক্সিকোর তিহুয়ানা থেকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের রাষ্ট্রদূত জানান, ভিসা পাওয়া কর্মকর্তাদের যাতায়াতে কোনো বিধিনিষেধ নেই। ভিসায় নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়ার কোনো শর্ত নেই।
এদিকে দলের কয়েকজন কর্মকর্তা এখনো ভিসা পাননি বলে জানিয়েছে ফেডারেশন। এর মধ্যে রয়েছেন ম্যানেজার, দুই বিশ্লেষক, মিডিয়া পরিচালক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি।
বিশ্বকাপ সূচি অনুযায়ী, ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ইরান। ২১ জুন একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। ২৬ জুন সিয়াটলে খেলবে মিসরের বিপক্ষে।
এর আগে ইরানের বেজক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় করার পরিকল্পনা ছিল। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে তা পরিবর্তন করা হয়।
বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারও রাজনৈতিক ও কূটনৈতিক বাস্তবতার ছায়া থাকছে ইরানের যাত্রাপথে।

