যুদ্ধবিধ্বস্ত বৈশ্বিক প্রেক্ষাপটে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে এ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাড়ে তিন দশকেরও বেশি সময় পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন। আজ সকাল ৮টা ২০ মিনিটে ময়দানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এর পাঁচ মিনিট পর সেখানে পৌঁছান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধান ঈদ জামাতে আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, মন্ত্রিসভার সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। নামাজ শেষে খুতবার পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি বিশ্বব্যাপী ফিতনা-ফ্যাসাদ বন্ধের জন্য দোয়া করা হয়।

