নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে বিভিন্ন জেলায় ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। ট্রেনে যাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়লেও অতিরিক্ত ভিড়ের কারণে কিছু যাত্রী ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করে থাকে। এ ধরনের ঝুঁকিপূর্ণ যাতায়াত ঠেকাতে এবার তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার কবির হোসেন জানিয়েছেন, টিকিট ছাড়া কেউ স্টেশনে প্রবেশ করতে পারবে না। ছাদে ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে যাত্রীরা বাড়ি ফিরছেন। সকাল পর্যন্ত ১১টি আন্তঃনগর ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে।

স্টেশন ম্যানেজার আরও জানান, যাত্রীদের সুবিধার্থে সর্বনিম্ন শ্রেণিতে ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। প্রায় ৪৫ হাজার সিটের টিকিটের পাশাপাশি স্ট্যান্ডিং টিকিট মিলিয়ে মোট প্রায় ৭০ হাজার টিকিট বরাদ্দ রাখা হয়েছে।

আগামীকাল শনিবার থেকে ৪৩ জোড়া আন্তঃনগর ও ২৩ জোড়া কমিউটারসহ মোট ৬৬ জোড়া ট্রেন চলাচল করবে বলে জানান তিনি।

তিনি যাত্রীদের উদ্দেশে বলেন, কেউ যেন কালোবাজারি বা দালাল চক্রের মাধ্যমে টিকিট না কেনে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর নজরদারিতে থাকবে বলে জানান তিনি।

Share.
Exit mobile version