চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি ডব্লিউইএফের কোনো বার্ষিক সম্মেলনে অংশ নিলেন।
বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে বিভিন্ন পর্যায়ের আলোচনায় অংশ নিচ্ছেন তিনি।
সরকারের আশা, এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে চীনা বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করবেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ বা ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’। সম্মেলনে সভাপতিত্ব করছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগি।
এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আলোইস জভিংগি। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ উৎপাদনে কর-সুবিধা দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জবাবে আলোইস জভিংগি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ও উদ্যোগ আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। একই সঙ্গে তিনি বাংলাদেশের টেকসই উন্নয়ন কার্যক্রম আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ আরও বাড়াবে বলেও মন্তব্য করেন।
এ সময় তিনি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পরবর্তী বার্ষিক সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান।


