মালয়েশিয়া সরকারের উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ১৮ ঘণ্টার মালয়েশিয়া সফর শেষে বর্তমানে তিনি চীন সফরে রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর একটি বার্তা প্রকাশ করে। ওই বার্তায় তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তার সহধর্মিণী ড. ওয়ান আজিজা বিনতি ওয়ান ইসমাইলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বার্তায় তিনি বলেন, স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় যে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা পেয়েছেন, তাতে তারা গভীরভাবে অভিভূত। একই সঙ্গে মালয়েশিয়া সরকার ও দেশটির জনগণের বন্ধুত্বপূর্ণ মনোভাবেরও প্রশংসা করেন তিনি।

তারেক রহমান উল্লেখ করেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আলোচনা বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় থেকে দুই দেশের এই সম্পর্কের ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে।

মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়ায়ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

বার্তায় তারেক রহমান আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান যোগাযোগ ও পারস্পরিক বন্ধন বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ভিত্তিকে আরও শক্তিশালী করেছে। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম রাষ্ট্রীয় সফরের পর মালয়েশিয়ার সঙ্গে বহুমুখী অংশীদারত্ব আরও সম্প্রসারণে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশার কথাও জানান তিনি।

 

Share.
Exit mobile version