নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর রাজধানীর শেরেবাংলা নগর ও বনানীতে পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সকাল ৮টা ৩৮ মিনিটের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে নিয়ে শেরেবাংলা নগরে পারিবারিক সমাধিস্থলে যান। সেখানে তারা একান্তে কবর জিয়ারত করেন এবং পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এরপর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দলের নেতাদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবরে পুনরায় ফাতেহা পাঠ করেন এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

কবর জিয়ারত শেষে তিনি বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরে যান। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

এই সময় তার সহধর্মিণী জুবাইদা রহমানসহ দলের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন এবং কবর জিয়ারত কর্মসূচিতে অংশ নেন।

Share.
Exit mobile version