বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

আড়াইহাজার সংবাদদাতা

মেঘনা বেষ্টিত দ্বীপ ইউনিয়ন কালাপাহাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং ১০ মাসের অন্তঃসত্ত্বা মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। ঘটনা ঘটে রোববার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে ইউনিয়নের হাজীরটেক গ্রামে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ইউনিয়ন যুবদলের সাংঘঠনিক সম্পাদক ছানাউল্লাহ ও তার লোকজন এবং তার চাচাতো ভাই রুবেলের গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। উভয় পক্ষ ধারালো অস্ত্র ব্যবহার করে একে অপরের উপর হামলা চালায়।

ঘটনার সময় ছানাউল্লাহ ও আহসান উল্লাহর হামলায় রুবেলের পিতা আছমত আলী (৬৫) বিকেল ৫টার দিকে নিহত হন। নিহতের ছেলে দাবি করেছেন, তার পিতাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সংঘর্ষে ছানাউল্লাহ, তার অন্তঃসত্ত্বা স্ত্রী রুমা, ভাই আহসান উল্লাহ, তাদের মা মহারাণী এবং অপর পক্ষের খোকন, রুবেল, হৃদয় ও রংমালা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা হাসপাতাল ও মদনপুরের আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, ঘটনার বিষয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Exit mobile version