নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার (৪ এপ্রিল) বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা ১টা ১১ মিনিটে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের কারখানাটিতে আগুন লাগে। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।
দেড় ঘণ্টার চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মো. আনোয়ারুল ইসলাম জানান, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহগুলো নারী না পুরুষ, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

