বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
রূপগঞ্জ সংবাদদাতা

রূপগঞ্জে এক প্রতারণার ঘটনা উদ্ঘাটন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়ে জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের ভাড়ারবাড়ী এলাকার একটি নির্জন প্লটে এ অভিযান পরিচালনা করা হয়।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, একদল অসাধু ব্যবসায়ী প্রায় ২০টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে তারা ইতোমধ্যে ৯টি ঘোড়া জবাই করে ফেলে।

স্থানীয়দের সন্দেহ হলে তারা ভোরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে ১১টি জীবিত ঘোড়া এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অসাধু চক্রটি দীর্ঘদিন ধরে পূর্বাচলের নির্জন এলাকায় রাতের আঁধারে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস হিসেবে কম দামে উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিল। অজ্ঞাতসারে সাধারণ মানুষ সেই মাংস গরুর মাংস ভেবে কিনে খাচ্ছিলেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জনমনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পাশাপাশি উদ্ধারকৃত জীবিত ঘোড়াগুলোর নিরাপত্তা ও পরিচর্যার ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয়রা এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share.
Exit mobile version