পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করা হবে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কথিত উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, বাংলাদেশে আর পতিত ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না। পাচার করা অর্থের জোরে একটি মহল আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, দেশের জনগণ ঐক্যবদ্ধ। তাই দেশকে আর কারও গোলাম বানানো সম্ভব নয়। জনগণের শক্তিকে সঙ্গে নিয়েই সব ধরনের সন্ত্রাসী তৎপরতা রুখে দেওয়া হবে।

আওয়ামী লীগ সরকারের সময় অসংখ্য নেতাকর্মী গুম ও নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে রিজভী বলেন, দেশের মানুষ আর কখনো গুম ও ক্রসফায়ারের রাজত্ব ফিরে আসতে দেবে না। তার দাবি, বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকারের চার মাসে কোনো গুম বা ক্রসফায়ারের ঘটনা ঘটেনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় কাউকে আটক করা হয়নি।

তিনি বলেন, দেশ এখন গণতন্ত্র, শান্তি, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও মতপ্রকাশের স্বাধীনতার পথে এগিয়ে যাচ্ছে। তবে একটি মহল এসব অর্জন নষ্ট করার ষড়যন্ত্র করছে। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকায় সেই অপচেষ্টা সফল হবে না।

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, শুধু আজ নয়, প্রতিদিনই সজাগ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা বিভিন্নভাবে উসকানিমূলক কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ সবসময় সচেতন থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

রিজভীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

 

Share.
Exit mobile version