বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে এক বিচারপ্রার্থী ও তার পরিবারের ওপর হামলার মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুম ১০০ টাকা বন্ডে সাখাওয়াতসহ মামলার ছয় আসামিকে জামিন প্রদান করেন। জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন: খোরশেদ আলম, মো. আল আমিন, বিল্লাল হোসেন, হিরণ বাদশা ও রাসেল বেপারী।

আদালতে নিজেই পক্ষে শুনানি করেন সাখাওয়াত হোসেন। বিএনপির বিভিন্ন নেতা ও আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন। তবে মামলার বাদী রাজিয়া সুলতানা দাবি করেছেন, বাদীপক্ষে কেউ দাঁড়াননি এবং তার এজলাসে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। পুলিশ শোনানিতে অংশ নিলেও বাধার কোনো ঘটনা নজরে আসেনি বলে জানানো হয়েছে।

জামিনপত্র পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাখাওয়াত হোসেন বলেন, “আদালত প্রাঙ্গণকে সবসময় পবিত্র রাখার চেষ্টা করেছি। আজকে একটি মিথ্যা ঘটনায় আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হলো।”

গত রোববার কালিরবাজারে স্যানেটারি ব্যবসায়ী মো. ইরফান মিয়া ও তার পরিবারের ওপর হামলার অভিযোগে রাজিয়া সুলতানা ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় সাখাওয়াত হোসেনকেও আসামি করা হয়।

Share.
Exit mobile version