বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
বাণিজ্য ডেস্ক 

বৈশ্বিক পরিস্থিতির কারণে বাংলাদেশেও জেট ফুয়েলের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে চাপে পড়েছে দেশের এয়ারলাইনস খাত। আন্তর্জাতিক বাজারের তুলনায় ভাড়া বেশি হওয়ায়  ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

বিভিন্ন দেশের বিমানবন্দর সূত্রে জানা গেছে, কলকাতায় জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০.৬২ ডলার, মাস্কাটে ০.৬০৩ ডলার, দুবাইতে ০.৫৮৭ ডলার, জেদ্দায় ০.৫৮১ ডলার এবং দোহায় ০.৫৮৪ ডলার। অন্যদিকে ব্যাংককে ১.০৯৮ ডলার ও সিঙ্গাপুরে ০.৫৮৬ ডলারে জ্বালানি সরবরাহ করা হচ্ছে, যা বাংলাদেশের তুলনায় কম।

তুলনামূলকভাবে বাংলাদেশে জেট ফুয়েলের দাম প্রায় ৮০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যেখানে পাকিস্তানে ২৪.৪৯ শতাংশ এবং মালদ্বীপে ১৮.৫৪ শতাংশ দাম বেড়েছে। ভারত ও নেপালে মূল্য অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের গড় মূল্য, ডলার বিনিময় হার এবং পরিবহন ব্যয় বিবেচনায় এই দাম নির্ধারণ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এশিয়ায় জেট ফুয়েলের দাম ব্যারেলপ্রতি ১৬৩ ডলার পর্যন্ত উঠেছে।

এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) সাধারণ সম্পাদক ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, জ্বালানির দাম বাড়লে ভাড়া বাড়ানো অনিবার্য। তবে এটি সাময়িক বলে উল্লেখ করে তিনি জানান, সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে আকাশপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১ এপ্রিল পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ৮৯৪টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এই সময় প্রায় ১ লাখ ২৫ হাজার যাত্রী ভ্রমণ করতে পারেননি। এতে সরকার প্রায় ৬ মিলিয়ন ডলারের বেশি রাজস্ব হারিয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, খাতটিকে টিকিয়ে রাখতে জেট ফুয়েলের ওপর কর ও ভ্যাট কমানো জরুরি। পাশাপাশি ডলার সংকট মোকাবিলায় এয়ারলাইনসগুলোর জন্য বিশেষ এলসি সুবিধা এবং বিমানবন্দর চার্জ পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে।

এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার বলেন, বিষয়টি নিয়ে পরবর্তীতে মন্তব্য করা হবে।

Share.
Exit mobile version