নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই বদলি ও পদায়ন করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী স্বাক্ষরিত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানকে সরিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি-সদর জোন) ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমকে ফতুল্লা মডেল থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া লাইনওয়ার পুলিশ অফিসে কর্মরত মোহাম্মদ এমদাদুল হককে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, জনস্বার্থে জননিরাপত্তা নিশ্চিত করতে এই রদবদল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

