বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত হয়েছেন। নিহতদের সবাই ধান কাটার শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের সবাই দিনাজপুরের বাসিন্দা এবং তাঁরা শ্রমিক হিসেবে ধান কাটতে নোয়াখালী যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে থাকা শ্রমিকদের মধ্যে সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান।

নিহতরা হলেন দিনাজপুরের আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) ও আবদুর রশিদ (৫৮)। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

দুর্ঘটনায় আহত পাঁচজন হলেন আমির আলী, তরিকুল ইসলাম, জালাল হোসেন, মো. আমিনুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। তাঁদের উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহতদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

নববর্ষের ভোরে এই মর্মান্তিক সংবাদে নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।

Share.
Exit mobile version