নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে কুরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (২৯ মে) বিকাল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক পরিস্থিতি পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা দেখতে প্রধানমন্ত্রী বিভিন্ন সড়ক ঘুরে দেখছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীর গাড়ি গুলশান এভিনিউয়ের বাসা থেকে বের হয়ে গুলশান-১ নম্বর মোড়, হাতিরঝিল, রামপুরা সড়ক, মালিবাগের আবুল হোটেল এলাকা, তালতলা মার্কেট ও বাসাবো এলাকা প্রদক্ষিণ করে।
এরপর তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাসস্ট্যান্ড, যাত্রাবাড়ী মোড়, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ, নারিন্দা, রায়সাহেব বাজার, আদালত সড়ক, নয়াবাজার, বংশাল ও গুলিস্তান এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরবর্তী সময়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ এলাকা, সীমান্ত স্কয়ার, জিগাতলা, ধানমন্ডি সাত মসজিদ সড়ক, ২৭ নম্বর সড়ক, মানিক মিয়া এভিনিউ, পান্থপথ, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালী এলাকার সড়ক পরিস্থিতিও পর্যবেক্ষণ করার কথা রয়েছে।
উপ-প্রেস সচিব আরও জানান, বিভিন্ন সড়কে চলাচলের সময় প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি থামান এবং স্বাভাবিক নিয়মেই যানবাহন চালিয়ে নগরীর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


