বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে লিটন (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ পৌরসভার হামছাদী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং সাইনবোর্ড এলাকায় একটি গাড়ির শোরুমে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, লিটনের সঙ্গে স্থানীয় একটি গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। ঘটনার আগের দিন ওই গ্রুপের সদস্যদের সঙ্গে তার ঝগড়া হয়। এর জের ধরে রবিবার রাতে রতনপুর এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার দাবি করেছে, পূর্ব বিরোধের জেরেই প্রতিপক্ষের লোকজন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। লিটনের শ্বশুর আব্দুর রউফ বলেন, “যাদের সঙ্গে তার বিরোধ ছিল, তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমাদের সন্দেহ।”

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Share.
Exit mobile version