বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীকে আসামী করে মামলা করা হয়েছে, তবে তিনি পালিয়ে গেছেন। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকায় সামসুল আলমের মোড় সংলগ্ন একটি ভবনের ২য় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফ্ল্যাটের ভাড়াটিয়া মোর্শেদা আক্তার (৩৪) পালিয়ে যান। পরে ওই ফ্ল্যাটে তল্লাশী চালিয়ে জাজিমের ওপর থেকে ৩ হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক ব্যবসায়ী মোর্শেদা আক্তার দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে বসবাস করে আসছিলেন এবং বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুত রেখেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Share.
Exit mobile version