বন্দর সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দর এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং নির্দিষ্ট সময়সীমা ঘোষণার দাবি উঠেছে।
ডোনেশন ব্লাড টু সেভ লাইফ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের নুর শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, বন্দর এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন। কিন্তু এই সমস্যা কবে নাগাদ সমাধান হবে, সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া যায়নি।
তিনি আরও উল্লেখ করেন, পানির মতো একটি মৌলিক চাহিদার বিষয়টি দ্রুত গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি। প্রকৌশল বিভাগের মাধ্যমে বাস্তবসম্মত সমাধান নির্ধারণ এবং নির্দিষ্ট সময়সীমা জানানো প্রয়োজন বলে তিনি মনে করেন।
একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন, যাতে বন্দরবাসী দ্রুত এই ভোগান্তি থেকে মুক্তি পেতে পারে।

