নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কেনাকাটা নির্বিঘ্ন করতে দেশের সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। তবে ঈদ উৎসব শেষ হওয়ার পরপরই বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে আবারও আগের নিয়মে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তখন দেশের সব বিপণিবিতান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে কেনাকাটার চাপ বিবেচনায় সাময়িকভাবে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে উৎসব শেষ হলেই জাতীয় গ্রিডে চাপ কমাতে পূর্বের নির্দেশনা কার্যকর হবে। তখন সন্ধ্যা ৭টার মধ্যে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।  ব্যবসায়ী ও ক্রেতাদের এই সাময়িক সুবিধা শেষ হওয়ার পর বিদ্যুৎ সাশ্রয়ী নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ বিশেষ নির্দেশনা জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উৎসবকালীন সময়ে বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হবে। বিদ্যুৎ বিভাগ ও অধীনস্থ সব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। তারা সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা দিতে বলা হয়েছে। পরিদর্শন শেষে কর্মকর্তাদের বিস্তারিত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, উৎসবের সময়ে সমন্বয়হীনতা বা দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট এড়াতেই এ বিশেষ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share.
Exit mobile version