বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের মূল দর্শন হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’  এবং এই দর্শন বাস্তবায়নে সামাজিক নিরাপত্তার আওতায় প্রায় ৪ কোটি প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী সংসদকে জানান, প্রাথমিক পর্যায়ে গত ১০ মার্চ দেশের ১০টি জেলা এবং ৩টি সিটি কর্পোরেশনের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। সরকারের লক্ষ্য হচ্ছে দেশের কোনো পরিবার যেন সামাজিক নিরাপত্তার বাইরে না থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে।

নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) নির্বাচনী এলাকা প্রসঙ্গে সংসদ নেতা আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে ওই এলাকার দরিদ্র পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হলে দিনের শুরুতেই নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা।

Share.
Exit mobile version