বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক

মার্চ মাসে কমেছে মূল্যস্ফীতি। টানা চার মাস বৃদ্ধির পর গত মার্চ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।

রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্যসূচক (সিপিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার মাস মূল্যস্ফীতি বেড়েছিল। তবে মার্চে এসে সেই ধারায় কিছুটা পরিবর্তন দেখা গেছে।

মার্চ মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমে ৮ দশমিক ২৪ শতাংশে নেমে এসেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ০১ শতাংশ।

বিবিএসের তথ্যে দেখা যায়, মার্চ মাসে গ্রাম ও শহর—উভয় এলাকাতেই সার্বিক মূল্যস্ফীতি ফেব্রুয়ারির তুলনায় কমেছে।

এর আগে নভেম্বর মাসে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ, ডিসেম্বর মাসে তা বেড়ে হয় ৮ দশমিক ৪৯ শতাংশ। চলতি বছরের জানুয়ারিতে ৮ দশমিক ৫৮ শতাংশ এবং ফেব্রুয়ারিতে তা বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছায়।

এদিকে গত বছরের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১২ মাসের চলন্ত গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশ, যা আগের সময়ের তুলনায় সামান্য কম।

বিবিএস প্রতি মাসে মাঠপর্যায়ে বিভিন্ন পণ্য ও সেবার দাম সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) নির্ধারণ করে থাকে। আগের বছরের একই সময়ের তুলনায় এই সূচকের পরিবর্তনের হারই পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হিসেবে বিবেচিত হয়।

Share.
Exit mobile version