নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনের কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্দেশ্য তুলে ধরে তারেক রহমান বলেন, “আমরা অঙ্গীকার করি সমাজের সবাই একে অপরকে বিভিন্নভাবে সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে পারস্পরিক সহায়তা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে যুক্ত সবাইকে সহযোগিতা করি।”
চলমান কর্মসূচির কারণে জনসাধারণের চলাচলে কিছুটা অসুবিধার কথা উল্লেখ করে তিনি তার বক্তব্য সংক্ষিপ্ত করেন।
তারেক রহমান বলেন, “আজকের কর্মসূচির কারণে মানুষের চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে, তাই বেশি কথা বলব না। ইনশাআল্লাহ, সংগঠনের বিষয়গুলো নিয়ে আমরা আলাদাভাবে আরেকদিন বসব। সেদিন সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।”

