নিজস্ব সংবাদদাতা
সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ২৩ গ্রামের মানুষ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাংলা বাজার এলাকার গিরদাইন পশ্চিমপাড়া, নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়াসহ অন্তত ২৩ গ্রামের মুসল্লিরা প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
এর অংশ হিসেবে গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে সকাল ৮টায় প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল সাড়ে ৮টায় নয়াপুর, গনকবাড়ী, গজারিয়া পাড়া ও কোনাবাড়া এলাকায় পৃথক জামাতের আয়োজন করা হয়।
গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতি খন্দকার রিয়াজউদ্দীন মাস্টার বলেন, তারা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও দুই ঈদ উদযাপন করে আসছেন। ঈদুল আজহা উপলক্ষে জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, মুসল্লিদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
নয়াপুর গ্রামের জামে মসজিদের ইমাম কামরুজ্জামান জানান, তাদের গ্রামের প্রায় ২০টি পরিবার প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করেন। সেই ধারাবাহিকতায় এবারও বুধবার তারা ঈদুল আজহা উদযাপন করছেন।

