নিজস্ব প্রতিবেদক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট বিবেচনায় এনে মহানগরীর স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, এ বিষয়ে একটি প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা কার্যক্রম সচল রাখতে সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে দেশের মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পাঠদান ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো পাবলিক পরীক্ষা যথাক্রমে পরবর্তী বছরের এপ্রিল ও জুন মাসে নেয়। এতে জাতীয় পর্যায়ে সময়ের অপচয় হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

