নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদে সমন্বিত উদ্যোগই যথেষ্ট। তিনি বলেন, শহরবাসীর কাছে এটি নতুন কোনো সমস্যা নয়; বরং দীর্ঘদিনের একটি বাস্তবতা, যা সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুটপাত দখল, হকার উচ্ছেদ এবং শহরের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বৈঠকে নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের হকার সমস্যা, ফুটপাত দখল এবং নগর ব্যবস্থাপনা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ সময় এমপি আবুল কালাম বলেন, “নারায়ণগঞ্জের বহুদিনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে হকার সমস্যা, ফুটপাত উচ্ছেদ এবং কিছু উন্নয়নমূলক কাজ নিয়ে বিস্তারিত কথা হয়েছে।”
তিনি আরও বলেন, “জনস্বার্থ সংশ্লিষ্ট যেসব বিষয়ে মানুষ আমাদের কাছে প্রত্যাশা রাখে, সেগুলো সমাধানের লক্ষ্যে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসাথে বসে কাজ করছি। ভবিষ্যতে এসব কাজ কীভাবে আরও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।”
ফুটপাত দখল প্রসঙ্গে তিনি বলেন, “এটি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট স্থানের সমস্যা নয়। আমি নতুন জনপ্রতিনিধি হলেও সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সঙ্গে জড়িত। তাই নতুন করে ইস্যু তৈরির সুযোগ নেই। শহর পরিষ্কার হলে ফুটপাতও স্বাভাবিকভাবেই দখলমুক্ত হবে।”
তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের এই সমস্যাগুলোর টেকসই সমাধান সম্ভব হবে।

