মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক 

দেশের বেসরকারি হজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য ডিজিটাল ‘নুসুক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৫টায় রাজধানীর পুরানাপল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের রিক্রিয়েশন হলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি হজযাত্রীরা প্রথমবারের মতো এই বিশেষ কার্ড গ্রহণ করবেন, যা তাদের পবিত্র হজের সফরকে আরও সহজ, নিরাপদ এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল সেবার আওতায় নিয়ে আসবে।

আয়োজক সূত্রে জানা গেছে, নুসুক কার্ড ব্যবহারের ফলে হজযাত্রীদের যাতায়াত ও অবস্থানসহ যাবতীয় তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থার অধীনে থাকবে। এটি হজযাত্রাকে আরও সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে বড় ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এম ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদি আমিন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক হজ সেবা দানকারী সংস্থা ‘রাওয়াফ মিনা’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এহসান কাতেব এবং রাওয়াফ মিনা সার্ভিস সেন্টারের প্রধান লুয়াই ফয়সাল আবদুল্লাহ খান। এছাড়া হজ মনিটরিং কমিটি-২০২৬ এর সদস্য এম ডি শামীম কায়সার লিংকনসহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই ডিজিটাল কার্ড প্রবর্তন বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় আধুনিক ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক। এর ফলে মক্কা ও মদিনায় হাজীদের পরিচয় যাচাই এবং বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা প্রাপ্তি আরও সহজ হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে ধর্মপ্রাণ মুসলমানদের হজ যাত্রা আরও নির্বিঘ্ন করতেই এই আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share.
Exit mobile version