বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পরিচালনায় নতুন নির্দেশনা দিতে যাচ্ছে সরকার।

আজ রোববার (৫ এপ্রিল) এ বিষয়ে আলাদা নির্দেশনা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন।

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শেষে গত ২৯ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও বর্তমান পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপ কমাতে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আপাতত সপ্তাহে ছয় দিন ক্লাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এর মধ্যে আংশিক অনলাইন পাঠদান চালুর প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। প্রস্তাব অনুযায়ী, জোড়-বিজোড় দিন ভিত্তিতে তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর ক্লাস নেওয়া হতে পারে। অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের প্রতিষ্ঠানেই উপস্থিত থেকে পাঠদান করতে হবে। আর ব্যবহারিক ক্লাসগুলো সশরীরই অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব জানান, এসব বাস বিদ্যালয়গুলো শুল্কমুক্তভাবে আমদানি করতে পারবে। তবে বাণিজ্যিকভাবে আমদানির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং বাসগুলো নতুন হতে হবে।

উল্লেখ্য, জ্বালানি সংকট মোকাবিলায় এর আগে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক ও শপিংমলের সময়সূচিও পুনর্নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে কী ধরনের চূড়ান্ত নির্দেশনা আসে, এখন সেদিকেই নজর রয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের।

Share.
Exit mobile version