নিজস্ব প্রতিবেদক
আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে প্রশ্নপত্র পরিবহন ও গ্রহণ কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিদের বিস্তারিত তথ্য নির্ধারিত সময়ে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
আজ সোমবার (১ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, পরীক্ষা কেন্দ্রগুলোর সিসি টিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার (DVR) ও নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (NVR)-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে, যাতে কেন্দ্রের কার্যক্রম নিয়মিতভাবে মনিটরিং করা সম্ভব হয়।
এছাড়া ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহনের সঙ্গে যুক্ত শিক্ষক, কর্মচারী ও ট্যাগ অফিসারদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ই-মেইল (controller@dhakaeducationboard.gov.bd) ঠিকানায় আগামী ৮ জুনের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সিসি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ব্র্যান্ড ও ডিভাইস সিরিয়াল নম্বরও জমা দিতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।

