মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
 নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ উপলক্ষে শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে একটি উদ্বোধনী অনুষ্ঠান।

শুক্রবার (৩ এপ্রিল) স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল থেকে এই কর্মসূচির উদ্বোধন জেলাবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। তিনি কৃষক কার্ডকে কৃষকদের উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় কৃষি সচিব রফিকুল ই মোহামেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১৫ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন বলে জানা গেছে।

Share.
Exit mobile version