নিজস্ব প্রতিবেদক

রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে চারদিকে সুপরিকল্পিত ও গভীর চক্রান্ত চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারার স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্ল্যাটফর্মে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। রাজনৈতিক নেতাদের পরিকল্পিতভাবে চরিত্রহননের মাধ্যমে সমাজ, রাজনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।

তিনি বলেন, “এটি মূলত রাজনীতিকে ধ্বংস করার একটি চক্রান্ত। সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির জন্য এটি কোনো শুভ লক্ষণ নয়।”

বিএনপি মহাসচিব আরও বলেন, একটি বৃহৎ আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপন্ন করার চেষ্টা চলছে।

তার ভাষ্য, “সবকিছু ভেঙে ফেলা, প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা এবং নেতৃত্বশূন্য করার মধ্য দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চলছে।”

তিনি গণতন্ত্র, রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Share.
Exit mobile version