নিজস্ব প্রতিবেদক

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শোকজের সন্তোষজনক জবাব না পেলে হাসপাতালটির লাইসেন্স বাতিলসহ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোববার বিকেল পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজের জবাব দিতে হবে। জবাবে লাইসেন্স বাতিলের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, একই ঘটনায় ফৌজদারি মামলা দায়ের হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবা খাতে জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থ ও রোগীর নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় তিনি জানান, দেশের স্বাস্থ্যসেবায় অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিন স্তরের এই ব্যবস্থায় গ্রাম, উপজেলা, জেলা ও রাজধানী পর্যায়ে পৃথক ডিজাইনের অ্যাম্বুলেন্স চালু করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্টসহ জরুরি চিকিৎসা সুবিধা থাকবে। প্রাথমিকভাবে একটি উপজেলাকে মডেল হিসেবে নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এ কাজে বুয়েট কারিগরি সহায়তা দেবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

Share.
Exit mobile version