নিজস্ব প্রতিবেদক
এবার ভয়াবহ মাত্রার ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হতে পারে আরও ভয়াবহ, যা হেমোরেজিক ডেঙ্গু নামে পরিচিত। এতে আক্রান্তদের মধ্যে রক্তক্ষরণের মতো জটিলতা দেখা দিতে পারে। এ কারণে এখন থেকেই সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রতি দুই থেকে তিনদিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। যেসব প্রতিষ্ঠান বা স্থানে ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে জরিমানা করা হবে। পাশাপাশি এ বিষয়ে অসহযোগিতা করলে আইন প্রয়োগ ছাড়া সরকারের আর কোনো বিকল্প থাকবে না বলেও সতর্ক করেন তিনি।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা অত্যন্ত জরুরি।
তিনি জানান, ডিএসসিসির জরিপ অনুযায়ী ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ এবং ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। “জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্ব ৫০ শতাংশ হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব,”— বলেন তিনি।


