অনলাইন ডেস্ক
চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে কার্যক্রম শুরু করে। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, আগুন নেভাতে তাদের দুটি জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’ সরাসরি অংশ নেয়। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ বিশেষায়িত ফায়ার ফাইটিং টিমও ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
টানা কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

