দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বাড়াতে নতুন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের অংশ হিসেবে একযোগে দেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি শুরু হবে।
রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামীকাল সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। বিশেষ কারণে সকাল ১০টার পরিবর্তে অনুষ্ঠানটি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে।
এই কর্মসূচির আওতায় দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে। পাশাপাশি জলবায়ু সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ৫ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠান দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রমে যুক্ত হবেন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কার্যক্রমের স্টল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হবে।


