নিজস্ব সংবাদদাতা
শিশু-কিশোরদের মেধা অন্বেষণের জনপ্রিয় ও ঐতিহাসিক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু হতে যাচ্ছে। এবার সাংস্কৃতিক বিভাগের পাশাপাশি প্রতিযোগিতায় যুক্ত হচ্ছে খেলাধুলা। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন আঙ্গিকে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি একইসঙ্গে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
ডা. জাহেদ উর রহমান জানান, সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “বিএনপি সরকারের প্রথম মেয়াদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশে ‘নতুন কুঁড়ি’র যাত্রা শুরু হয়েছিল। এবার এর আওতা আরও বাড়ানো হচ্ছে। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে মেধা অন্বেষণ (ট্যালেন্ট হান্টিং) করা হবে।”
উপদেষ্টা আরও জানান, তরুণ সমাজকে সৃজনশীল ও কল্যাণমুখী কাজে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী দেশব্যাপী এই মেগা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও একটি নতুন উদ্যোগের ঘোষণা দিয়ে বলেন, সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও বই পড়ার আগ্রহ তৈরিতে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। খুব দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে তিনি উল্লেখ করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, “আমরা চাই আমাদের তরুণ সমাজকে যত বেশি সম্ভব সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে। তারা যেন মেধা ও মনন বিকাশের সুস্থ প্রতিযোগিতা খুঁজে পায়।”

