বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
নিজস্ব সংবাদদাতা

নারায়ণগঞ্জের কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে সবজির দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা গেছে। একই সঙ্গে মুরগির বাজারেও অস্থিরতা বিরাজ করছে, যা ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) শহরের দিগুবাবুর বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। গ্রীষ্মকালীন সবজির মধ্যে বরবটি, বেগুন, করলা, ঢেঁড়স ও পটলের দাম বেড়ে গেছে। কচুরমুখী ও সাজনার মতো কিছু সবজির দাম কেজিতে ১০০ টাকার কাছাকাছি পৌঁছেছে।

কাঁচামরিচ, ধনেপাতা ও পুদিনা পাতার দামও তুলনামূলক বেশি রয়েছে। তবে আলু ও পেঁয়াজের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

মুরগির বাজারে সোনালি ও ব্রয়লার মুরগির দাম উচ্চ পর্যায়ে রয়েছে। দেশি মুরগির দাম কেজিতে ৭০০ টাকার ওপরে অবস্থান করছে। ব্যবসায়ীরা জানান, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় দাম কমানো সম্ভব হচ্ছে না।

মাংসের বাজারে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছের বাজারে বিভিন্ন প্রজাতির দামে ভিন্নতা দেখা গেছে। ইলিশ মাছের দাম আকারভেদে বেশ চড়া রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কিছুটা কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। অন্যদিকে মুরগির খাদ্য ও উৎপাদন ব্যয় বাড়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

Share.
Exit mobile version